অনুধাবনে সূরা নাস, শিরোনাম

 

শিরোনাম 


সুরা নাস কুরআনের ১১৪তম এবং সর্বশেষ সূরা। এই সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম আয়াতের 

শেষ শব্দ ‘ٱلنَّاس’ থেকে, যার অর্থ ‘মানবজাতি’। এই সূরায় পাঁচবার 'নাস' শব্দটি ব্যবহার করে মানবজাতির

 প্রতিপালক, মালিক ও উপাস্যের সার্বভৌমত্ব তুলে ধরা হয়েছে। এটি মক্কায় অবতীর্ণ বলে মাক্কী সুরা নামে

 পরিচিত। এতে মোট ৬টি আয়াত রয়েছে। এই সুরাটি মানুষকে অদৃশ্য অশুভ শক্তি,  শয়তানের প্রতারণা

 ও মন্দ প্রভাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শেখায়। এটি ‘মু’আওয়িযাতাইন’ (দুটি আশ্রয়প্রার্থনার

 সুরা: সুরা ফালাক ও সুরা নাস)–এর একটি। 





শানে নুযূল 


সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নাজিলের ঘটনা (শানে নুযুল) সম্পর্কিত পূর্ণাঙ্গ হাদিসটি সহীহ বুখারী

 এবং সহীহ মুসলিম-এ হযরত আয়েশা (রা.) থেকে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। 

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: বানু জুরাইক গোত্রের লবীদ ইবনে আসীম নামক এক ইয়াহুদী

 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর যাদু করেছিল। যাদুর প্রভাবে অবস্থা এমন দাঁড়িয়েছিল 

যে, রাসূলুল্লাহ (সা.) মনে করতেন তিনি তাঁর স্ত্রীদের কাছে গিয়েছেন (বা কোনো কাজ করেছেন), অথচ বাস্তবে

 তিনি তা করেননি। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর, একদিন অথবা এক রাতে রাসূলুল্লাহ (সা.)

 আমার ঘরে অবস্থানকালে বার বার মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করতে লাগলেন। অতঃপর তিনি আমাকে

 বললেন:

"হে আয়েশা! তুমি কি বুঝতে পেরেছ, আমি আল্লাহর কাছে যে বিষয়ে সমাধান চেয়েছিলাম, আল্লাহ তা আমাকে জানিয়ে দিয়েছেন?"

আমি আরজ করলাম: "হে আল্লাহর রাসূল! সে বিষয়টি কী?"

মহানবী (সা.) বললেন: "আমার কাছে দুজন ফেরেশতা এলেন। তাঁদের একজন আমার মাথার কাছে এবং অন্যজন

 আমার পায়ের কাছে বসলেন। তখন পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন:

— ‘এই লোকটির কী হয়েছে?’

অপরজন উত্তর দিলেন:

— ‘তিনি যাদুগ্রস্ত হয়েছেন।’

প্রথমজন জিজ্ঞেস করলেন:

— ‘কে তাঁকে যাদু করেছে?’

অপরজন বললেন:

— ‘লবীদ ইবনে আসীম ইয়াহুদী।’

প্রথমজন জিজ্ঞেস করলেন:

— ‘কিসের মাধ্যমে যাদু করা হয়েছে?’

অপরজন উত্তর দিলেন:

— ‘একটি চিরুনি, আঁচড়ানো চুল এবং পুরুষ খেজুর গাছের মোচার ছালের (খোলের) ভেতরে রেখে।’

প্রথমজন জিজ্ঞেস করলেন:

— ‘সেটি বর্তমানে কোথায় রাখা আছে?’

অপরজন উত্তর দিলেন:

— ‘'জারওয়ান' (ذَرْوَان) নামক কূপের তলদেশে একটি পাথরের নিচে।’"*

কূপ থেকে যাদুর সরঞ্জাম উদ্ধার ও সূরা নাজিল

অতঃপর রাসূলুল্লাহ (সা.) তাঁর কয়েকজন সাহাবিকে—যাঁদের মধ্যে হযরত আলী (রা.), হযরত জুবায়ের ইবনুল আওয়াম

 (রা.) ও হযরত আম্মার ইবনে ইয়াসির (রা.) ছিলেন—সঙ্গে নিয়ে উক্ত ‘জারওয়ান’ কূপের কাছে গেলেন। সেখান থেকে ফিরে

 এসে তিনি হযরত আয়েশা (রা.)-কে বললেন:

"হে আয়েশা! আল্লাহর কসম, সেই কূপের পানি মনে হচ্ছিল যেন ভিজানো মেহেদির তরল নির্যাস (লালচে-কালো),

 আর তার চারপাশের খেজুর গাছগুলোর মাথা দেখতে মনে হচ্ছিল যেন শয়তানের মাথা।"

আমি জিজ্ঞেস করলাম: "হে আল্লাহর রাসূল! আপনি কি সেই যাদুর জিনিসটি বের করেননি বা জনসমক্ষে প্রকাশ করেননি?"

তিনি বললেন:

"আল্লাহ তো আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন। তাই আমি অপছন্দ করেছি যে, এই বিষয়টি নিয়ে মানুষের

 মাঝে কোনো বিশৃঙ্খলা বা মন্দের সূচনা হোক। এরপর আমি নির্দেশ দিলাম এবং কূপটি মাটি চাপা দিয়ে বন্ধ

 করে দেওয়া হলো।"

(সহীহ বুখারী: হাদিস নং ৫৭৬৫, সহীহ মুসলিম: হাদিস নং ২১৮৯)

যখন জারওয়ান কূপ থেকে খেজুরের মোচাটি উদ্ধার করে আনা হলো, তখন তা খুলে দেখা গেল যে, তার ভেতরে 

একটি পেঁচানো সুতা রয়েছে যাতে ১১টি গিঁট দেওয়া রয়েছে এবং পুতুলের গায়ে সুঁচ বা কাঁটা ফোটানো রয়েছে।

ঠিক সেই সময়ে হযরত জিবরাঈল (আ.) আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা আল-ফালাক (৫ আয়াত) এবং সূরা আন-নাস

 (৬ আয়াত)—সর্বমোট ১১টি আয়াত নিয়ে নাজিল হন।

জিবরাঈল (আ.) রাসূলুল্লাহ (সা.)-কে বললেন, "আপনি সূরা দুটি তিলাওয়াত করুন।"

রাসূলুল্লাহ (সা.) যখন এই দুই সূরার একটি করে আয়াত তিলাওয়াত করতেন, তখন একটি করে গিঁট খুলে যেত এবং সাথে

 সাথে একটি করে কাঁটা বা সুঁচ বের হয়ে আসত। এভাবে মোট ১১টি আয়াত পড়া শেষ হলে ১১টি গিঁটই খুলে যায় এবং তিনি

 এক ধরনের হালকা ও স্বস্তিবোধ করেন। এর পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যেন তিনি কোনো শক্ত বাঁধন থেকে মুক্ত

 হলেন।

তাফসীরে ইবনে কাছীর: সূরা আল-ফালাক ও সূরা আন-নাসের তাফসির পরিচ্ছেদ 



উপসংহার

    নবুওয়াতের দায়িত্ব পালনের সময় রাসুল (সা.)-এর ওপর যাদুর প্রভাব ঘটা তাঁর মানবিক সত্তার একটি প্রমাণ যা উম্মাহর জন্য এক চরম ঈমানী শিক্ষা। আল্লাহ তাআলা এর মাধ্যমে একদিকে  যেমন তাঁর প্রিয় রাসুলকে অলৌকিকভাবে রক্ষা ও আরোগ্য দান করেছেন, অন্যদিকে উম্মতকে
যাদু-টোনা ও অদৃশ্য অনিষ্ট থেকে বাঁচার একটি স্থায়ী আমল শিক্ষা দিয়েছেন। যা আমাদের জন্য দৈনন্দিন জীবনে শয়তানী শক্তি ও হিংসা-বিদ্বেষ থেকে বেঁচে থাকার একটি অন্যতম প্রতিরক্ষামূলক আসমানী উপহার।


Comments