অনুধাবনে সূরা ফাতিহা, শিক্ষণীয় বিষয়

 

শিক্ষণীয় বিষয় 


সূরার শুরুতেই 'আলহামদুলিল্লাহ' বলে শেখানো হয়েছে যে, আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় 

 প্রাপ্তির জন্য সব প্রশংসা কেবল আল্লাহরই। তিনি জগৎ সমূহের  প্রতিপালক। জীবন সবসময়

 একরকম যায় না। কখনো সুখ সফলতা , কখনো দুঃখ ,কঠিন পরীক্ষা। পরিস্থিতি যাই হোক না

 কেন—হতাশ না হয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য সবসময় কৃতজ্ঞ থাকা উচিৎ । তাঁর

 প্রশংসা করা এবং তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাঁর

 বান্দাদের কাছ থেকে  প্রশংসা শুনতে ভালোবাসেন এবং এর মাধ্যমে বান্দার প্রতি তাঁর অনুগ্রহ

 আরও বৃদ্ধি পায় । আল্লাহ কৃতজ্ঞ বান্দার নিয়ামত ও মানসিক শক্তি আরও বাড়িয়ে দেন। কারণ

 তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।


আমাদের এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়। আমরা গোপনে বা প্রকাশ্যে যা-ই করি না কেন, 

একদিন মহাবিশ্বের মালিক আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এই চেতনাই

 মানুষকে অন্যায়, দুর্নীতি, অবিচার ও জুলুম থেকে দূরে রাখে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে 

সহায়তা করে।

একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য এবং সব সাহায্য তাঁর কাছেই চাইতে হবে। একজন মুমিন

 বান্দা, দুনিয়ার কোনো মানুষ, ক্ষমতা বা সম্পদের সামনে মাথা নত করে না এবং কাউকে

 নিজের ভাগ্যবিধাতা ভাবেন না। তিনি সব চেষ্টা করার পর চূড়ান্ত সাহায্য ও রিজিকের জন্য

 কেবল আল্লাহর ওপর ভরসা করেন। এটি মানুষকে অন্য মানুষের দাসত্ব ও চাটুকারিতা থেকে

 মুক্ত করে এক চরম আত্মসম্মান ও মানসিক স্বাধীনতা দেয়। ইহা শিরক থেকে বিরত থাকার এবং

 জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা প্রকাশের এক শক্তিশালী ঘোষণা, যাকে

 বলে তাওহীদ বা একত্ববাদ।


মানুষ হিসেবে আমাদের প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। এই আয়াত আমাদের শেখায়,

জীবনের যেকোনো ক্ষেত্রে (চাকুরী, ব্যবসা, পরিবার) সাময়িক লাভের আশায় বাঁকা পথ না খুঁজে,

 সবসময় সত্য ও সততার সোজা পথ খোঁজা। আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত লোকদের অনুসরণ করা।

 "আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যাদের আপনি অনুগ্রহ করেছেন",  এই দোয়াটি

 আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার গুরুত্ব শেখায়। সরল সঠিক পথই হলো ইসলাম,

 যা মানুষকে দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দেয়। এটি হলো সেই পথ, যে পথে

 নবী-রাসূলগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং সৎকর্মশীল ব্যক্তিরা চলেছেন।


বাস্তব জীবনে আমরা কার সাথে চলছি এবং কাকে অনুসরণীয় বানাচ্ছি, তাই আমাদের ভবিষ্যৎ

 নির্ধারণ করে। এই আয়াত ""তাদের পথ নয়, যাদের উপর তোমার ক্রোধ বর্ষিত হয়েছে এবং

 যারা পথভ্রষ্ট হয়েছে"  আমাদেরকে ইহুদি ও খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট জাতিদের ভুল থেকে

 শিক্ষা নিতে এবং তাদের অনুসরণ না করতে সতর্ক করে। এই আয়াত মানুষকে সঠিক ও ভুলের

 মধ্যে পার্থক্য করতে এবং সচেতনভাবে সত্যের পথে অবিচল থাকতে উৎসাহিত করে।

আমাদের আরো শিক্ষা দেয়—সমাজ ও মিডিয়ায় সস্তা,বস্তা পচা সংবাদ বা হুজুগে না ভেসে, সৎ

 ও সফল মানুষদের অনুসরণ করতে হবে এবং দাম্ভিক ও লক্ষ্যহীন মানুষদের সঙ্গ বর্জন করতে।


সূরা ফাতিহার গুরুত্ব এত বেশি যে, এর ব্যতীত নামাজ সম্পূর্ণ হয় না ।

বিখ্যাত সাহাবী হযরত উবাদাহ বিন সামেত (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:

   لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ

    অর্থ: "যে ব্যক্তি (নামাজে) সূরা ফাতেহা পাঠ করল না, তার কোনো সালাত বা নামাজই হলো 

না।" (সহীহ বুখারী,আযান অধ্যায়,হাদীস নম্বর: ৭৫৬)

 এতে স্পট যে, সূরা ফাতিহা শুধু একটি দোয়াই নয়, বরং এটি সালাতের একটি অপরিহার্য অংশ,

 যা ছাড়া সালাত সম্পূর্ণ হয় না। যার মাধ্যমে মুসলিমরা আল্লাহর সাথে সরাসরি কথোপকথন

 করে এবং নিজেদের প্রয়োজনীয়  আবেদন পেশ করেন ।


সূরা ফাতিহা নিজেই একটি শক্তিশালী দোয়া। এর প্রতিটি আয়াত আল্লাহর কাছে আবেদন এবং

 তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। এই সূরাটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে

 চাইতে হয়, কিভাবে তাঁর প্রশংসা করতে হয় এবং কিভাবে তাঁর উপর ভরসা রাখতে হয়। এটি

 মানবজীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাহায্য ও হেদায়েত চাওয়ার এক আদর্শ পদ্ধতি। ইহা

 হেদায়েত, দুনিয়াবী কল্যাণ, পরকালীন মুক্তি, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি লাভের শক্তিশালী এবং

 পরীক্ষিত দোয়া।


উপসংহার


সূরা ফাতিহা কুরআনের একটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা। এর সাতটি আয়াত

 মানবজাতির জন্য এক বিশাল জ্ঞান ও হেদায়েতের ভান্ডার। আল্লাহর প্রশংসা, তাঁর গুণাবলী,

 একত্ববাদ, সঠিক পথের নির্দেশনা এবং দোয়ার গুরুত্ব সবকিছুই সূরা ফাতিহার মাধ্যমে মুসলিমদের

 হৃদয়ে গেঁথে যায়। এটি শুধু একটি সূরা নয়, বরং এটি মুসলিমদের জীবন পরিচালনার এক পূর্ণাঙ্গ

 দিকনির্দেশনা, যা তাদেরকে আল্লাহর নৈকট্য লাভে এবং দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে

 সাহায্য করে। এবং অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতি থেকে নিজেকে নিরাপদ রাখে ।


Comments