অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য,পরম দয়ালু

 

 ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ পরম করুণাময় ও অসীম দয়ালু

   এখানে প্রশ্ন জাগতে পারে আর-রাহমান এবং আর-রাহিম শব্দ দুটির অর্থ একই (দয়াময়/পরম দয়ালু) তবে দুটি শব্দ  পাশাপাশি ব্যবহৃত হয়েছে কেন? আপাতদৃষ্টিতে মনে হতে পারে শব্দ দুটির অর্থ একই, কিন্তু আরবি ব্যাকরণ, শব্দগঠন এবং গভীর তাত্ত্বিক দিক থেকে এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম ও অত্যন্ত চমৎকার কিছু পার্থক্য রয়েছে।

আর-রহমান : এটি ‘ফালান’ (فَعْلَان ) ওজনের শব্দ। এই ওজনের শব্দগুলো অত্যন্ত চমৎকার এবং অর্থবহ। এবং এগুলো প্রধান বৈশিষ্ট্য

হলো, এগুলো দিয়ে সাধারণত এমন কোনো গুণ, অবস্থা বা অনুভূতিকে বোঝায় যা তীব্র, চরম বা পরিপূর্ণ অবস্থায় আছে।

আর-রহিম : এটি ‘ফাইল’ (فَعِيل) ওজনের শব্দ। এই ওজনের শব্দগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো, এগুলো দিয়ে এমন কোনো গুণ, অবস্থা 

বা বৈশিষ্ট্যকে বোঝায় যা কোনো সত্তার মধ্যে স্থায়ী, সুদৃঢ় এবং অবিনশ্বরভাবে থাকে।

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফকিহ (ইসলামি আইনবিদ), লেখক এবং পাকিস্তানের সাবেক শরিয়ত ও সুপ্রিম কোর্টের বিচারপতি মুফতি

 তাকি উসমানী তাঁর তাফসীরে তাওজীহুল কুরআন (توضیح القرآن) এ লিখেছেন " আরবী নিয়ম অনুসারে রহমান এর অর্থ সেই সত্তা

 যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত , অর্থাৎ যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয় । আর রহিম এর অর্থ সেই সত্তা , যার রহমত খুব বেশি

 , অর্থাৎ যার প্রতি তা হয় , পরিপূর্ণরূপে হয় । দুনিয়ায় আল্লাহ তায়ালার রহমত সকলেই ভোগ করে । মুমিন ও কাফির নির্বিশেষে 

সকলেই তা দ্বারা উপকৃত হয় । সকলেই রিয্ক পায় এবং দুনিয়ায় নেয়ামতসমূহ দ্বারা সকলেই লাভবান হয় । আখিরাতে যদিও 

কাফিরদের প্রতি রহমত হবে না , কিন্তু যাদের প্রতি (অর্থাৎ মুমিনদের প্রতি)হবে , পরিপূর্ণরূপে হবে। ফলে সেখানে নেয়ামতের সাথে 

কোন রকমের দুঃখ -কষ্ট থাকবে না ।অর্থের এর পার্থক্যের জন্যই  রহমান  এর তরজমা করা হয়েছে ''সকলের প্রতি দয়াবান' আর 

রহিম এর তরজমা করা হয়েছে 'পরম দয়ালু'।"


আর রহমান 


উপরের আলোচনার পর আমার আরো একটু বিশ্লেষণ করার জন্য কুরআনের ৫৫ সূরা আর-রহমান পাঠ করে রহমান নামের

 আরো আয়াত দেখতে পারি । এই সূরার 

১-৪ আয়াতে আমরা যা বুঝতে পারি তা হল ,

মানুষকে সৃষ্টি করে কেবল পৃথিবীতে ছেড়ে দেওয়াই আল্লাহর দয়া নয়, বরং মানুষ যাতে পথ না হারায়, তার জন্য জীবনবিধান (কুরআন)

 পাঠানোই হলো তাঁর 'রহমান' নামের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ।

আয়াত:৫

চাঁদ ও সূর্য এক চুল পরিমাণ এদিক-ওদিক না হয়ে নির্দিষ্ট হিসেবে চলছে। এই নিয়মের ব্যতিক্রম হলেই পৃথিবী ধ্বংস হয়ে যেত।

আয়াত: ৭

আকাশকে তিনি উচ্চে তুলে ধরেছেন এবং দুনিয়াতে একটি 'মিযান' বা ভারসাম্য স্থাপন করেছেন।

আয়াত: ১০-১২

তিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন এবং এতে ফলমূল ও খেজুর গাছ সৃষ্টি করেছেন,

খোসাযুক্ত শস্য ও সুগন্ধি ফুল তৈরি করেছেন।

আয়াত: ১৯-২০

দুটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন, যার একটি মিষ্টি ও অপরটি লোনা, অথচ মাঝখানে একটি অদৃশ্য পর্দা থাকায় তারা একে

 অপরের সাথে মিশে যায় না।

পরবর্তী আয়াতে আরো বলা হয়েছে,

এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল, পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।


এতে স্পষ্ট যে, আল্লাহ কেন রহমান—কারণ তিনি কেবল মানুষকে সৃষ্টিই করেননি, বরং তিনি সকল মানুষকে পথচলার জন্য

 আলো (কুরআন) দিয়েছেন, বেঁচে থাকার জন্য মহাবিশ্বকে বশ করে দিয়েছেন, রিযিকের ব্যবস্থা করেছেন এবং ভুল করার পর

 তওবা করে জান্নাতে যাওয়ার পথ তৈরি করে রেখেছেন সকলের জন্য।  কেননা আল্লাহ তায়ালা বলেন,

" قُلۡ يٰعِبَادِىَ الَّذِيۡنَ اَسۡرَفُوۡا عَلٰٓى اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَةِ اللّٰهِ​ ؕ اِنَّ اللّٰهَ يَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِيۡعًا​ ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِيۡمُ‏"

"বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ

 সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।" (সূরা আজ-জুমার, আয়াত: ৫৩)


আল্লাহ তাআলার 'রহমান' রূপটি কেবল সূরা আর-রহমানেই সীমাবদ্ধ নয়, বরং পুরো কুরআন জুড়েই তা ছড়িয়ে আছে। বিভিন্ন

 সূরায় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আল্লাহ কেন রহমান, তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।

كَتَبَ رَبُّكُمۡ عَلٰى نَفۡسِهِ الرَّحۡمَةَ​ ۙ

তোমার প্রভু নিজের উপর করুণা(الرَّحۡمَةَ) নির্ধারণ করেছেন। (সূরা আল-আনআম, আয়াত: ৫৪)


আল্লাহর দয়া(রহমত) কত ব্যাপক, তা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ (সা.) একটি গাণিতিক ও বাস্তবসম্মত উদাহরণ দিয়েছেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي 

الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلْقُ، حَتَّى تَرْفَعَ الدَّابَّةُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ"

"আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী (সাঃ) থেকে বলেন: “আল্লাহ দয়াকে(الرَّحْمَةَ) একশ ভাগে বিভক্ত করেছেন। 

তিনি নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন এবং এক ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। সেই এক ভাগ থেকেই সৃষ্টিকুল একে

 অপরের প্রতি দয়া প্রদর্শন করে, এমনকি পশুও তার শাবককে আঘাত করার ভয়ে তার উপর থেকে খুর তুলে নেয়।” 

(বুখারী, তাওহীদ অধ্যায়, ৭৪৭৫ নম্বর হাদিস)


আল্লাহ তাআলা মহাবিশ্বের একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাসত্ত্বেও তিনি নিজেই নিজের ওপর এই নিয়ম আবশ্যক 

করে নিয়েছেন, আর তা হলো— করুণা বা দয়া(রহমত)। তাঁর এই রহমানের গুনের জন্যই, আমাদের অবাধ্যতা সত্ত্বেও তিনি 

রিযিক বন্ধ করেন না; এবং আমাদের কোটি অপরাধের পরও তিনি ক্ষমার দরজা খোলা রাখেন ।




আর রহিম


আল্লাহ তায়ালার ‘আর-রহিম' (الرَّحِيم) নামের দয়াটি অত্যন্ত সুনির্দিষ্ট, মূলত তাঁর মুমিন বা বিশ্বাসী বান্দাদের প্রতি ইহকালে

 ও পরকালে প্রদর্শন করেন এবং এর মাধ্যমে তিনি বান্দাকে ক্ষমা ও জান্নাত দান করেন।

পবিত্র কুরআনের বিভিন্ন সূরার আলোকে আল্লাহ কেন 'রহিম', তা নিচে বর্ণনা করা হলো:

اٰدَمُ مِنۡ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيۡهِ​ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيۡمُ‏

আদম তাঁর রবের পক্ষ থেকে বাণী লাভ করলেন এবং তিনি তাঁর তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু(الرَّحِيۡمُ‏)।

 (সূরা আল-বাকারাহ, আয়াত: ৩৭)

বান্দা অনুতপ্ত হয়ে ফিরে এলে আল্লাহ যে তাকে শাস্তি না দিয়ে কাছে টেনে নেন, এটিই তাঁর 'রহিম' নামের বড় প্রমাণ।


هُوَ الَّذِىۡ يُصَلِّىۡ عَلَيۡكُمۡ وَمَلٰٓٮِٕكَتُهٗ لِيُخۡرِجَكُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ ؕ وَكَانَ بِالۡمُؤۡمِنِيۡنَ رَحِيۡمًا‏

তিনিই সেই সত্তা যিনি

 তোমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করেন, যাতে তিনি তোমাদেরকে 

অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মু’মিনদের প্রতি তিনি পরম দয়ালু (رَحِيۡمً)।(সূরা আল-আহজাব, 

আয়াত: ৪৩) 

 এই আয়াতে স্পষ্ট যে, ঈমানদার বান্দাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা এবং তাদের প্রতি বিশেষ দয়া করাটাই 

হলো তাঁর 'রহিম' এর কাজ।


কিয়ামতের কঠিন দিনে যখন চারদিকে শুধু ভয় আর আতঙ্ক থাকবে, তখন মুমিন বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, 

তখন 'রহিম' আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ সম্ভাষণ জানানো হবে:

سَلٰمٌ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِيۡمٍ‏

    "পরম দয়ালু (রহিম) প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে বলা হবে—সালাম (শান্তি)।" (সূরা ইয়াসিন, আয়াত: ৫৮)


আখেরাতে আল্লাহ ঈমানদার বান্দার প্রতি কত দয়ালু তা নিম্নের হাদিস থেকেই বুঝা যায় ।

عَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ،

 وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ،

 وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ 

আনাস (রাঃ) থেকে, নবী (সাঃ) এর সূত্রে, তিনি বলেন: “যে ব্যক্তি বলে ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’ এবং তার অন্তরে একটি 

যবের দানার সমপরিমাণ নেকি থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে। যে ব্যক্তি বলে ‘আল্লাহ ছাড়া কোনো 

ইলাহ নেই’ এবং তার অন্তরে একটি গমের দানার সমপরিমাণ নেকি থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে। যে 

ব্যক্তি বলে ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’ এবং তার অন্তরে একটি অণুর সমপরিমাণ নেকি থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে 

বের করে আনা হবে।” (সহীহ বুখারী, হাদিস: ২২)


 আল্লাহ এই  রহিম গুনের কারণেই তিনি মুমিন বান্দাদের ছোট ছোট নেক আমলগুলোকে ভালোবাসেন, আর হাজারো বড় বড় 

ভুলগুলোকে ক্ষমা করে দেন, কষ্টের দিনে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন এবং আখিরাতের কঠিন দিনে জাহান্নামের আগুন হারাম 

করে জান্নাতের ফয়সালা করেন।



উপসংহার 


দীর্ঘ পর্যালোচনার পর আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ,আল্লাহ যদি কেবল 'রহমান' হতেন, তবে আমরা দুনিয়াতে সব নেয়ামত 

পেতাম ঠিকই, কিন্তু আখেরাতে আমাদের পাপের কারণে পার পাওয়া অসম্ভব হতো। আবার তিনি যদি কেবল 'রহিম' হতেন, তবে 

দুনিয়াতে কোনো অবিশ্বাসী বা গুনাহগার মানুষ একটি শস্যদানাও পেত না, এক ফোঁটা পানিও পেত না।

 অতএব, তিনি একই সাথে রহমান ও রহিম বলেই সৃষ্টিজগৎ দুনিয়াতে পরম শান্তিতে বেঁচে আছে এবং মুমিন বান্দারা ক্ষমা পেতে পারে এবং 

আখেরাতে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখে।


Comments